ফুলপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩ ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে নিজ হাতে জ্বালানো আগুনে পুড়ে জান্নাতুল আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা গ্রামের আসাদুজ্জামানের কন্যা ও বাট্টা মধ্যপাড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা শাখার শিক্ষার্থী ছিল। বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে তার মা-বাবা ঘুমে থাকা অবস্থায় সে শীত নিবারণের লক্ষ্যে গাছের শুকনো পাতা একত্রিত করে তাতে আগুন জ্বালিয়ে দেয়। পরে ওই আগুনের লেলিহান শিখা হঠাৎ তার শরীরের কামিজে ছড়িয়ে পড়ে। এরপর নিজ চেষ্টায় আগুন নেভাতে না পেরে ডাক চিৎকার শুরু করে। কিন্তু বাড়ির লোকজন ঘুমে থাকায় তাৎক্ষণিক কেউ টের না পাওয়ায় ব্যবস্থা নিতে পারেনি। অবশেষে তার বেসামাল ডাক চিৎকারে লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ওখান থেকে প্রথমে ময়মনসিংহে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে তাকে ভর্তি করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। জান্নাতুল আক্তারের বাবা আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। Download News PhotoCard (1080×1080) SHARES দুর্ঘটনা বিষয়: