ঘোড়াঘাটে ‘অধ্যক্ষ সোলায়মান আজাদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬ মো: তারেক রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর): “খেলায় জাগুক তারুণ্য, গড়ে উঠুক মাদক ও সহিংসতামুক্ত সমাজ”—এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ জামায়াতে ইসলামী- দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘অধ্যক্ষ সোলায়মান আজাদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৮ জুলাই (শনিবার) বিকেল ৪ টায়, ঘোড়াঘাট ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচে জয়পুরহাটের ‘মায়ের দোয়া ফুটবল একাডেমি’-কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধার ‘ভাই ব্রাদার্স টিম, গোবিন্দগঞ্জ’। টুর্নামেন্টে সর্বমোট ৮টি শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করেছিল। খেলা শেষে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘোড়াঘাট পৌরসভার মেয়র প্রার্থী ও দিনাজপুর শহর পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যক্ষ সোলায়মান আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম। ! আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়মের তথ্য জানাতে ক্লিক করুন তথ্য জানান ➜ ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মো. মোফাখায়ের ইসলাম মোল্লা, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দিনাজপুর শহর শাখার আমীর মো. সিরাজুস সালেহীন এবং ঘোড়াঘাট পৌর জামায়াতের আমীর ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, মো: গোলাম রব্বানী, উপজেলা সভাপতি, যুব বিভাগ ও ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। মো: রাকিব হাসান, পৌর সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট এবং ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুবসমাজের উন্নয়ন, ক্রীড়া ও সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আজকের তরুণ ও যুবসমাজকে মাদকের মরণছোবল এবং সব ধরনের সামাজিক সহিংসতা ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের সুস্থ ক্রীড়াচর্চাই পারে যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।” তাঁরা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট পৌর যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উৎসবের ধারা অব্যাহত রাখা প্রয়োজন।” অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ সোলায়মান আজাদ টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দলসমূহ এবং দূর-দূরান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় ট্রফি এবং প্রাইজমানি তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচটিকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। Download Photo Card SHARES সারা বাংলা বিষয়: