সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরির আবেদন প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সাব্বির আহম্মেদ প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন। জানা গেছে, গত ১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮:৩০টার দিকে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিক-এর সঙ্গে কথা হয়। অভিযোগ অনুযায়ী, কথোপকথনের একপর্যায়ে এসআই রফিক বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চান। এরপর তিনি সাব্বির আহম্মেদকে বড় ধরনের ক্ষতির হুমকি দেন এবং গালিগালাজসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই সাব্বির আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তিনি ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন। আবেদনের ট্র্যাকিং নম্বর: 7BHZO1। সাংবাদিক মহলের মতে, সাব্বির আহম্মেদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, অনিয়ম, দুর্নীতি, সামাজিক সমস্যা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি একজন দায়িত্বশীল ও নির্ভীক সংবাদকর্মী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। এমন একজন সাংবাদিকের প্রতি প্রাণনাশের হুমকির অভিযোগ শুধু একজন ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপদ কর্মপরিবেশের ওপরও গুরুতর আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি ও ভয়ভীতির শিকার হন, তখন তা পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে অন্য সংবাদকর্মীদের মধ্যেও ভয় ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করতে পারে, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে বড় বাধা। স্থানীয় সচেতন নাগরিকদেরও অভিমত, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এসআই রফিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক বা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের সাহস না পায়। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের নানা অসঙ্গতি ও জনস্বার্থের বিষয় জনগণের সামনে তুলে ধরেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা। Download News PhotoCard (1080×1080) SHARES সারা বাংলা বিষয়: