গাজীপুরের জিরানী বাজারে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত: সিলগালা ও জেল-জরিমানা

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

মোঃ মুজাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ভুয়া ও অনিবন্ধিত হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়ম, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ‘সাইন্সল্যাব হাসপাতাল’ নামক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রোববার জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান।

অভিযানে প্রাপ্ত অনিয়মসমূহ: তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো প্রকার বৈধ লাইসেন্স বা সিভিল সার্জন কার্যালয়ের নিবন্ধন নেই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ল্যাবের মান বজায় না রাখার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এখানে এক চিকিৎসকের নাম ও সিল ব্যবহার করে অন্য চিকিৎসক রোগী দেখতেন, যা স্বাস্থ্যসেবার নীতিমালা ও জননিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।

দণ্ড ও জরিমানার বিবরণ: অভিযানে বিএমডিসি আইন, ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড: বিএমডিসি আইনের ৮ ধারায় ভুয়া ডাক্তার কাওসার আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনে হাসপাতালের ম্যানেজার লিটন হোসেনকে ১ মাসের কারাদণ্ড ও ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় হাসপাতালের সাথে জড়িত এসএম বুলবুল ইসলামকে ৫০,০০০ টাকা এবং মাহাদি হাসানকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সর্বমোট ১,৮৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান হাসপাতালটিকে সিলগালা করার নির্দেশ দেন। জনস্বার্থে এবং অনিবন্ধিত ভুয়া চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।