উৎসবমুখর পরিবেশে পানধোয়া বাজার ব্যবসায়ী ও সঞ্চয় সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অত্যন্ত আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘পানধোয়া বাজার ব্যবসায়ী ও সঞ্চয় সমিতি’-এর নির্বাচন ২০২৬।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পানধোয়া বাজারে সমিতি অফিসে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনের ফলাফলে বিভিন্ন পদে বিজয়ীরা হলেন সভাপতি: আনিছুর রহমান (১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শামসুল আলম পেয়েছেন ৩৭ ভোট)। সহ-সভাপতি: মো. জমিম উদ্দিন (১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মো. আঃ মান্নান পেয়েছেন ৫৫ ভোট)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক: সহিদ উল্লাহ (৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল খান পেয়েছেন ৮১ ভোট) সাংগঠনিক সম্পাদক: মো. আসাদুজ্জামান খান (৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মো. ইয়াকুব খন্দকার পেয়েছেন ৭১ ভোট)। কোষাধ্যক্ষ: রবিউল আউয়াল বাবু (৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ৬৯ ভোট)।

নির্বাচনটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ কাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজার এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজয় ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরাজিত প্রার্থীদের সাথে নিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের কল্যাণে এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।