“হুমকি-হেনস্তার পর পদত্যাগ সেঁজুতি হোসাইনের, কষ্ট পেয়েছে সাধারণ মানুষ”

সেঁজুতি হোসাইনের পদত্যাগে আক্ষেপ; এমন সৎ নেত্রীকে রাজনীতিতে দরকার ছিল

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৬

“হুমকি-হেনস্তার পর পদত্যাগ সেঁজুতি হোসাইনের, কষ্ট পেয়েছে সাধারণ মানুষ”

নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুব শক্তির ঢাকা জেলা (উত্তর) এর আহ্বায়ক সেঁজুতি হোসাইন পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তে এলাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও আক্ষেপ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তার মতো একজন সৎ ও সাহসী নেত্রীর রাজনীতির মাঠে থাকা প্রয়োজন ছিল।

বুধবার (১১ মার্চ) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সেঁজুতি হোসাইন জানান, গত জুলাই আন্দোলনের পর থেকে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে ২ মার্চ ২০২৬ তারিখ থেকে তিনি এনসিপির সকল দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মহলের কিছু নেতাকর্মী তার সততা ও স্বচ্ছতার কারণে ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি কিছুদিন আগে তার ওপর হামলার চেষ্টা এবং বাসায় গিয়ে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় তিনি আইনের আশ্রয় নিলেও কাঙ্ক্ষিত ফল পাননি বলে জানা গেছে।

এদিকে তার পদত্যাগের খবরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, একজন সৎ ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে তিনি রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছিলেন। তাই তার পদত্যাগকে অনেকেই দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তার মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব রাজনীতিতে খুব বেশি দেখা যায় না। তাই অনেকেই আশা করেছিলেন তিনি রাজনীতির মাঠে সক্রিয় থাকবেন। তবে হঠাৎ পদত্যাগের ঘোষণায় তারা হতাশ হয়েছেন।

পদত্যাগের ঘোষণায় সেঁজুতি হোসাইন জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ সাফল্য ও অগ্রগতি কামনা করেন।